দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে কলকাতার বাংলা সিনেমা ‘ডিকশনারি’তে। এটি পরিচালনা করছেন ব্রাত্য বসু। এ কথা মোশাররফের সব ভক্তই জানেন। ছবিটি আগামীকালই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এখন এ ছবির প্রচারের কাজে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইসহ তিনি কলকাতায় অবস্থান করছেন। আজ সেখানকার নন্দনে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ‘ডিকশনারি’ নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি ট্রেইলার দেখার পরই বুঝেছি দর্শক ছবিটি খুব পছন্দ করবেন। দর্শককে হলে গিয়ে ছবি দেখার অনুরোধ করছি।’
সিনেমাটিতে মোশাররফ করিমের চরিত্রের নাম মকরক্রান্তি চ্যাটার্জী। যে কিনা খুব বেশি পড়াশোনা করেননি, তবে একটি কোম্পানির মালিক। গত ১৩ জানুয়ারি মোশাররফ করিম নিজের ফেইসবুক পেজে ছবির ফার্স্ট লুক প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘মকরক্রান্তি চ্যাটার্জী। মার্ক অ্যান্ড চ্যাটার্জী রিয়েল এস্টেট কোম্পানির মালিক। স্ত্রী (শ্রীমতী) আর ছেলে (রাকেশ)-কে নিয়ে রাজারহাটের বহুতলে থাকেন। কঠোর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে উঠে আসা মকর, ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানোর স্বপ্ন দেখেন। ইংরেজি ভাষায় কথা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।’ ছবির লুক ও ট্রেইলারের দারুণ প্রশংসা করছে দর্শক। মোশাররফ করিম বলেন, ‘অদ্ভুত প্রতিক্রিয়া দেখলাম ডিকশনারির ট্রেইলার নিয়ে। প্রথম ২৪ ঘণ্টায় ভিউ দাঁড়িয়েছে এক লাখ সাতাশ হাজার। কোনো বুস্ট হয়নি, করা যাবেও না কিছু টেকনিক্যাল সমস্যার জন্য। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে উঠে আসে আমাদের ট্রেইলার। জানতামই না কলকাতায় আমার ফ্যান ক্লাব আছে। তারা মারাত্মক উৎসাহ দেখিয়েছে ছবিটির প্রচারে।’
সিনেমাটিতে মোশাররফ করিম ছাড়াও স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী নুসরাত জাহানকে। বুদ্ধদেব গুহর লেখা দু’টি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘ডিকশনারি’। এতে পুরুলিয়ার বন বিভাগের কর্মকর্তা অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকেন। স্মিতার চরিত্রই সিনেমাতে ফুটিয়ে তুলেছেন নুসরাত জাহান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। গত বছরের মার্চে সিনেমাটির শ্যুটিং সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার লকডাউনের কারণে তা আটকে যায়। তবে গত ডিসেম্বরে সিনেমাটির কাজ সম্পন্ন করেছেন শিল্পীরা।
এদিকে, মোশাররফ করিমের সঙ্গে কাজ করে এতটাই মুগ্ধ যে পরের ছবিতেও তাকে চান পরিচালক কাম অভিনেতা ব্রাত্য বসু। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি যখন থেকে ভেবেছি ছবিটি করব, তখন থেকেই মোশাররফ করিমের কথা মাথায় ঘুরতে থাকে। মনে মনে ভাবি, ছবিটি করলে তাকে নিয়েই করব। কিন্তু তাকে রাজি করানোটা ছিল একটা যুদ্ধজয়ের মতো। অনেক বুঝিয়ে কাজটি করাতে পেরেছি। আমি চাই আমার পরের ছবিতেও যেন তিনি কাজ করেন।’ সাক্ষাৎকারে পরের ছবি সম্পর্কেও ধারণা দেন ব্রাত্য, ‘একটা পলিটিক্যাল থ্রিলার বানানোর ইচ্ছে আছে, পিরিয়ড পিস হবে। অনেকটা ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ধাঁচের।’
এ প্রসঙ্গে মোশাররফ করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সম্মানিত ব্রাত্য বসুর মতো মানুষ আমার কাজ পছন্দ করেছেন। তবে পরের ছবি নিয়ে এখনো তেমন কিছুই হয়নি। তাই এ নিয়ে কথা বলাটা প্রাসঙ্গিক নয়।’
শুধু কলকাতার সিনেমা নয়, ভালোবাসা দিবসের নাটকেও দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘চারুলতা’। এতে তার নায়িকা সাফা কবির। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। মোশাররফ করিম বলেন, ‘ভালোবাসা দিবসের নাটকের প্রতি দর্শকের আলাদা প্রত্যাশা থাকে। এসব কথা মাথায় রেখে ভালোবাসার গল্পের নাটকে অভিনয় করি। ‘চারুলতা’ নাটকের গল্প অসাধারণ। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে। আশা করছি, নাটকটিতে আমাদের দুজনের রসায়ন দর্শক উপভোগ করবে।’
