করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন দেশের শীর্ষ ব্যান্ড তারকা জেমস। তারকা শিল্পী হিসেবে তিনিই প্রথম টিকা নিলেন। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস নিজেই উদ্যোগী হয়েছেন টিকা নেওয়ার বিষয়ে। তিনি মনে করেন, দেশের সব নাগরিকেরই এই টিকা নেওয়া জরুরি। রবিন আরও বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার বিষয়ে পজিটিভ। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল বেলা ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউ-তে এসে ভ্যাকসিন গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তিনি হাসিখুশি ও স্বাভাবিক আছেন। সবাইকে টিকা গ্রহণ করার অনুরোধ করছেন তিনি।’ এর আগে বিদেশে সবার আগে ভ্যাকসিন নিয়েছিলেন অভিনেত্রী-সঞ্চালক নওশীন নাহরীন মৌ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মী কোটায় তিনি ভ্যাকসিন পান। আর দেশের ভেতর শিল্পীদের মধ্যে সবার আগে টিকা নেন সুবর্ণা মুস্তাফা। এরপর আসাদুজ্জামান নূর। তারা নিয়েছেন সংসদ সদস্য কোটায়।
×
