বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চেনারূপটা গতকাল বদলে গিয়েছিল। স্টেডিয়ামের ফটকগুলো বন্ধ করে দেওয়ায় চিরাচরিত যানজট ছিল না। তবে তার জায়গায় ভরে উঠেছিল হাজারো রাজনৈতিক কর্মীতে। সেøাগান দিতে দিতে তারা প্রবেশ করেন স্টেডিয়ামে। সেখানেই কাল ঘটা করে উদ্বোধন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে মুজিববর্ষ আন্তঃওয়ার্ড প্রতিযোগিতা। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে মধুমতি ব্যাংক। কাল ফুটবলের উদ্বোধন হলেও এই প্রতিযোগিতায় ক্রিকেটও আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৬৩টি দল ফুটবলে এবং ৬৪টি দল ক্রিকেটে অংশ নিচ্ছে। ফুটবল ও ক্রিকেটের চ্যাম্পিয়ন দুটি দল পাবে পাঁচ লাখ টাকা করে। এছাড়া রানার্স-আপ দল দুটি পাবে তিন লাখ টাকা করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
×
