বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বাহিনীতে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার। গতকাল বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে হেলিকপ্টার দুটি জি-টু-জি ব্যবস্থায় রাশিয়া থেকে কেনার জন্য পুলিশ এবং নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে আই ভোগেনিস্কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘অত্যাধুনিক হেলিকপ্টার যুক্ত হওয়ায় জননিরাপত্তা বিধানে পুলিশের সক্ষমতা আরও বাড়বে, যা দেশকে নিরাপদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করবে।’
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা স্মরণ করে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে পুলিশের এয়ার উইং চালুর স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এর ফলে জরুরি অভিযান পরিচালনার ক্ষেত্রে বাহিনীর সদস্যদের পরিবহন, খাদ্য ও ওষুধ সামগ্রী সরবরাহ এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পুলিশি কার্যক্রমের সক্ষমতা আরও বাড়বে।’
ডিআইজি (লজিস্টিকস) তওফিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন, মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশে রাশিয়া দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
