জিয়ার উপাধি বাতিল মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক : ফখরুল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৮ এএম

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সরকারি সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার টেলিফোনে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল খেতাবটি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমি মনে করি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক। এ সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের আমি কখনই মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। তারা স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পুরোপুরিভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এ সিদ্ধান্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপ করা হলো। আমি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

একাত্তরের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্মরণীয় ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘ ৯ মাস সেক্টর কমান্ডার হিসেবে দেশের ভেতর থেকে লড়াই করেছেন। এই যে বীরউত্তম খেতাবটি তিনি পেয়েছিলেন ওই খেতাব পেয়েছিলেন কিন্তু স্বাধীনতার পরের যে সরকার, শেখ মুজিবুর রহমানের আমলে, ওই সরকারই এ খেতাব তাকে দিয়েছিল।’

নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বিএনপি নেতাকর্মীদের : জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত