শিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক শিকদার মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তবে পারিবারিক সূত্র বলছে, জয়নুল হক শিকদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। দ্রুত তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।
জয়নুল হক শিকদারের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন মহল থেকেও শোক জানানো হয়।
ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জয়নুল হক শিকদারের হাত ধরে গড়ে ওঠা শিকদার গ্রুপের ব্যবসা বীমা, বিদ্যুৎ, অর্থনৈতিক অঞ্চল, এভিয়েশন, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো বিভিন্ন খাতে বিস্তৃত।
ব্যবসায়ী এই গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পাওয়ার প্যাক পোর্টস, পাওয়ার প্যাক ইকোনমিক জোন, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাওয়ার প্যাক হোল্ডিংস, শিকদার রিয়েল এস্টেট ও মাল্টিপ্লেক্স হোল্ডিংস প্রভৃতি।
কয়েকটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন জয়নুল হক শিকদার। ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট শিকদার গ্রুপেরই একটি প্রকাশনা।
জয়নুল হক শিকদারের ছেলেদের মধ্যে রিক হক শিকদার ও রন হক শিকদার এ গ্রুপের পরিচালক। মেয়ে পারভীন হক শিকদার সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের শোক : শিকদার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘জয়নুল হক শিকদার একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প উন্নয়ন এবং চিকিৎসা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক ভিত্তিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন । তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক ও সেবা খাতে তার অবদানের জন্য তিনি এই প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।’
বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান জয়নুল হক শিকদারের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
