আজ থেকে সিরিজ বাঁচানোর টেস্ট মুমিনুলদের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩১ এএম

২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজটিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দুই টেস্টের সেই সিরিজে সেবার পূর্ণশক্তির দল নিয়েও পারেনি উইন্ডিজ। এবার খর্বশক্তির দল এনেও ১-০তে এগিয়ে অতিথিরা, যা আগের সিরিজের বিবেচনায় হতাশার বাংলাদেশের জন্য। সেই হতাশা পূর্ণ ব্যর্থতায় রূপ নেবে মিরপুরে দ্বিতীয় টেস্টে বাজে কিছু ঘটলে। নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে সিরিজ বাঁচাতে হবে বাংলাদেশকে। সিরিজ বাঁচানো বা হোয়াটওয়াশ ঠেকানো যাই বলা হোক না কেন সেই লড়াইয়ের শুরু আজ থেকে।

সিরিজে ফিরতে হবে এই চাপ এখন বাংলাদেশের ওপর। সেই সঙ্গে সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং ম্যাচের আগের দিন সাদমান ইসলামকেও হারানো। সিরিজে ফেরার পরিকল্পনার পাশাপাশি দল নিয়েও এখন ভাবতে হচ্ছে বাংলাদেশকে। মুমিনুল হক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে চাপে থাকার কথা স্বীকার করলেন।

দলে দুটি পরিবর্তন অবশ্যম্ভাবী। প্রথম পরিবর্তন হিসেবে সৌম্য সরকারের টেস্টে ফেরা একরকম নিশ্চিত। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে হেরে যাওয়া টেস্টে শেষবার খেলেছিলেন সৌম্য। তার পাশাপাশি সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে মোহাম্মদ মিঠুনের ফেরাও নিশ্চিত। এ দুই ক্রিকেটারকে নিয়েই গতকালের অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে হেড কোচ রাসেল ডমিঙ্গো ও নতুন ব্যাটিং কোচ জন লুইসকে। এ সিরিজের দলে সৌম্য নতুন বলে তাকে নিয়ে ব্যস্ত ছিলেন ডমিঙ্গো। অনুশীলন শুরুর আগে বেশ কিছুক্ষণ সৌম্যর সঙ্গে কথা বলেছেন। নেটে তার ব্যাটিং দেখেছেন এবং নেট সেশন শেষে ভুলত্রুটি নিয়ে আলোচনাও করেছেন। সব মিলিয়ে সৌম্যর প্রতি কোচের এমন মনোযোগ তার টেস্ট একাদশে খেলার সম্ভাবনা বাড়াচ্ছে। ওদিকে মিঠুনকে নিয়েও নেট সেশনে কাজ করেছেন লুইস। দলে পরিবর্তনের ব্যাপারে মুমিনুল জানান, ‘সাকিব ভাইয়ের জায়গায় বোলিং-ব্যাটিং দুইটা পারে এমন একজনকে নেওয়া হয়েছে। এদিকে সাদমান নেই, নতুন একজনকে তো নিতেই হতো। তাই ওপেনে এবং সাকিব ভাইয়ের জায়গায় মানে ছয় নম্বরে পরিবর্তন আসবে।’ দলে দুই পরিবর্তনের কথা বললেন কিন্তু বোলিং আক্রমণ কেমন হবে তা জানালেন না মুমিনুল। গতানুগতিক পিচ দেখে সিদ্ধান্ত নেওয়ার কথাই মুখে, ‘ওটা আসলে কন্ডিশনের ওপর নির্ভর করছে। উইকেট যদি ওইরকম হয় যে তিন পেসার নয়, তাহলে স্পিনার খেলানো হবে। আসলে কন্ডিশনের ওপর নির্ভর করবে পেস অ্যাটাক হবে নাকি স্পিন।’

সিরিজে পিছিয়ে থাকায় চাপ আছে মুমিনুলদের ওপর। কিন্তু আর সব সিরিজের মতো অতীত চিন্তা বাদ দিয়ে নতুন দিনের দিকেই তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক। এ ছাড়া চট্টগ্রাম টেস্টের ইতিবাচক দিকগুলো সামনে নিয়ে মিরপুরে নামার কথাও বললেন অধিনায়ক ‘দেখেন, আমি ওইভাবে কখনো চিন্তা করিনি ভারত সফর বলেন বা পাকিস্তান সফর। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন ছোট দল বা বড় দল যেই বিপক্ষে থাকুক চাপ থাকবে। ম্যাচ হারলে এই চাপ আরও বেড়ে যায়। সে হিসেবে তো চাপ আছেই। তা নিয়েই খেলতে হবে। মাঝেমধ্যে আসলে এমন পরিস্থিতি হয়। আমরা এখন সেই পরিস্থিতিতে। চট্টগ্রাম টেস্টে আমাদের অনেক ইতিবাচক দিক ছিল। আমরা সেগুলো সামনে রেখে দ্বিতীয় টেস্টে ভালো করব ইনশাআল্লাহ।’

এদিকে উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মিরপুর টেস্টে নতুন করে শুরুর কথা বলেন। চট্টগ্রাম টেস্ট ভুলে এই ম্যাচে ‘ফ্রেস স্টার্ট’-এর খোঁজে আছেন। পাশাপাশি নিজের ব্যাটিং নিয়েও এই টেস্টে আলাদা পরিকল্পনা রেখেছেন ব্র্যাথওয়েট, ‘আমাদের লক্ষ্য নতুন করে শুরু করা। যেহেতু এটা নতুন ম্যাচ। অবশ্যই সিরিজ জেতার জন্য প্রথম টেস্টের জয় ভুলে এই ম্যাচে শক্তভাবে শুরু করতে হবে। বাংলাদেশকে হালকা সুযোগ দিলেও ওরা সেটা কাজে লাগাবে। এ ছাড়া নিজের ব্যাটিং নিয়ে আলাদা পরিকল্পনা আছে। প্রথম টেস্টে ইনিংস বড় করতে পারিনি, এবার সেই চেষ্টা থাকবে।’

প্রথম টেস্টে দারুণ ইতিবাচক দিক আছে উইন্ডিজের, যা ব্র্যাথওয়েটের সন্তুষ্টির কারণ। সঙ্গে দ্বিতীয় টেস্টে সাকিবের না থাকা তার দলকে একটু সুবিধা দিচ্ছে। তবে প্রথম টেস্টে ৮ উইকেট পাওয়া মিরাজের বিপক্ষে আলাদা পরিকল্পনা রাখছেন ব্র্যাথওয়েট। এর সঙ্গে কিছু জায়গায় উন্নতির সুযোগ দেখছেন উইন্ডিজ অধিনায়ক, ‘প্রথম টেস্টে আমাদের প্রথম ইনিংসের রান মনমতো হয়নি। আমরা এটা নিয়ে কাজ করছি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভালো রান করতে হবে। এ ছাড়া ফিল্ডিংয়ে আমাদের আরও প্রখর হতে হবে। সাকিব না থাকা অবশ্যই আমাদের জন্য ভালো দিক, কিন্তু ওদের যথেষ্ট ভালো স্পিনার আছে। আমরা প্রত্যেকের জন্যই আলাদা পরিকল্পনা রাখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত