যেখানে শেষ, সেখান থেকেই যেন শুরু। চট্টগ্রাম টেস্টের পঞ্চমদিন বাংলাদেশের যে ‘নখদর্পহীন’ বোলিং দেখা গিয়েছিল, মিরপুরেও প্রায় একই। দ্বিতীয় টেস্টের সকালে টস হেরে বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের এক উইকেট তুলতেই ঘুম ঝরেছে মুমিনুলদের।
প্রথম ১৯ ওভারে একবার শুধু একটা রিভিউ নিতে হয় সফরকারীদের। মাঠের আম্পায়ার মূল সিদ্ধান্তে আউট দিয়েছিলেন, রিভিউতে সেটা যায় পাল্টে। পরে বাংলাদেশ সাফল্য পায় ২১তম ওভারে। তাইজুল এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জন ক্যাম্পবেলকে (৩৬)।
এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৬৬।
প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নামা ম্যাচে ওপেনার সাদমান ইসলাম চোটের কারণে নেই, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার।
অলরাউন্ডার সাকিব আল হাসানও চোটের কারণে ছিটকে গেছেন। তাতে মিডল অর্ডারে ফিরেছেন মোহাম্মদ মিঠুন।
বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, তার পেস বদলি হিসেবে একাদশে এসেছেন আবু জায়েদ রাহি। এই টেস্টেও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলছে স্বাগতিকরা।
চট্টগ্রাম টেস্টে টানা চার দিন দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। জিতে নেয় ম্যাচ।
