কৃষক আন্দোলন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ও মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের মধ্যে চলছে তুমুল বিরোধ। এর মধ্যেই টুইটারের বিকল্প হিসেবে এক ভারতীয় অ্যাপ ‘কু’ এর প্রসার ঘটছে।
সংবাদ প্রতিদিন জানাচ্ছে, টুইটার আর বিজেপি সরকারের মধ্যে টানাপোড়েনের মধ্য ব্যবসা বাড়ছিল ‘কু’ অ্যাপে। তবে শুরুতেই হোঁচট খেলো প্ল্যাটফর্মটি।
ইউজারদের তথ্য ফাঁসের অভিযোগ উঠল অ্যাপটির বিরুদ্ধে। প্ল্যাটফর্মটির মালিকানায় চীন সংশ্লিষ্টতাও রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এক ফরাসি প্রযুক্তি সুরক্ষা বিশেষজ্ঞ জানান, ‘কু’ অ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে যেতে পারে ব্যবহারকারীর জন্ম তারিখ, ই-মেল আইডি, ফোন নম্বরের মতো গোপন তথ্য।
রবার্ট ব্যাপতিস্তে নামে ওই বিশেষজ্ঞ বুধবার একটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখান, তিনি কীভাবে ‘কু’ থেকে এক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য জানতে পেরেছেন। মাত্র আধঘণ্টার মধ্যে এক ‘কু’ ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়েছেন তিনি।
এদিকে জানা গেছে, অ্যাপের মালিকানায় একটি চীনা সংস্থার অংশীদারত্ব রয়েছে। ফলে এই অ্যাপ ইউজারদের তথ্যও চীনের কাছে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন কেউ কেউ।
যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অ্যাপ নির্মাতারা। তাদের দাবি, কু-এর চীনা অংশীদার তার অংশীদারত্ব বিক্রি করে দিয়েছেন। ফলে অ্যাপ সম্পূর্ণ ভারতীয় মালিকানাধীন হয়ে যাচ্ছে।
অপ্রমেয় রাধাকৃষ্ণ নামে এক উদ্যোক্তা গত বছরের মার্চ মাসে ‘কু’ অ্যাপ চালু করেন। তিনিই কোম্পানিটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।
