নড়াইলে একটি মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা প্রদানের ‘প্রতিবাদে’ গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিশ্বের কোনো স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। এ সরকারও ছাড়বে না। ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।’ দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে।’
তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদান, দলের প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরায় ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে সাজা প্রদান এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘সদ্য ভূমিষ্ঠ শিশু ছাড়া বাংলাদেশে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। কেন এত মামলা, হত্যা-গুম? কারণ একটাই শুধুমাত্র সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে এসব করছে। কোনো স্বৈরাচারী সরকার কখনো ক্ষমতা ছাড়ে না, তাকে ক্ষমতা ছাড়া করতে হয়। কেউ আপনাকে অধিকার দেবে না, অধিকার আদায় করতে হবে। জনগণ ফুঁসে উঠেছে। ইনশাআল্লাহ, এই জনগণের দাবির তোড়ে-আন্দোলনে একদিন সব স্বৈরাচারী সরকারের মতো এই সরকারেরও পতন হবে।’
