মদিনায় অগ্নিকান্ডে ৬ বাংলাদেশি নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৫ এএম

সৌদি আরবের মদিনায় অগ্নিকান্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। গত বুধবার রাত ৪টার দিকে মদিনা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হেরাজ মার্কেটের কাছে আল খলিল রোড এলাকার একটি সোফা তৈরির কারখানায় এ অগ্নিকান্ড হয়। এতে নিহত ৭ জনের মধ্যে ৬ জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকান্ডে নিহতদের মৃতদেহ মদিনাস্থ কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। অপর একজন বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে বলে জানায় কনস্যুলেট।

নিহতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার সাম্বিরপাড়ার সুলতান আহমেদের ছেলে মিজানুর রহমান (পাসপোর্ট নং-বিই০৯৬০৭৭৩), লোহাগাড়া দরবার শরীফের মো. আরাফাত হোসেন মানিক (পাসপোর্ট নং-ইবি০৪৫২৪৫৯), কক্সবাজারের মহেশখালীর জালাল আহমেদের ছেলে ইসহাক মিয়া (পাসপোর্ট নং-ইএ০৫৭৮০০৫), মহেশখালীর কুতবজমের কবির আহমেদের ছেলে আব্দুল আজিজ (পাসপোর্ট নং-বিএফ০০৩৯০৫৯), কুতবজমের আবু গফুরের ছেলে মো. রফিক উদ্দিন (পাসপোর্ট নং-বিকিউ০৪৫৬৫৬৬)। নিহতদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ কনস্যুলেট তৎপর রয়েছে বলে জানায়।

মর্মান্তিক এ ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বলেন, মৃতদের ক্ষতিপূরণ আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। রাষ্ট্রদূত জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাংলাদেশিদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে দূতাবাসকে অবহিত করার নির্দেশ প্রদান করেছেন। এছাড়া স্থানীয় পুলিশ, প্রশাসন ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে নিহতদের জন্য ক্ষতিপূরণ আদায় ও মৃতদেহ দ্রুত দেশে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত