জনমানবহীন দ্বীপে নারকেল খেয়ে ৩৩ দিন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৪ পিএম

শুধু নারকেল খেয়ে ৩৩ দিন কাটানোর পর বাহামার জনমানবহীন এক দ্বীপ থেকে উদ্ধার হয়েছেন তিন ব্যক্তি।

বিবিসি জানিয়েছে, তিনজনই কিউবার নাগরিক। দ্বীপটির নাম আংগুইলা কে। এটি ফ্লোরিডা কিজ ও কিউবার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া একজন ক্রু বিবিসিকে বলেন, ‘তারা এত দিন কীভাবে বেঁচেছিলেন তা ভেবে আমি অবাক হয়ে গেছি।’

এই তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের নৌকা ডুবে যাওয়ার পর তারা সাঁতরে এই দ্বীপে আশ্রয় নেন।

উদ্ধারকারী দলের সদস্য জাস্টিন দোহার্তে বলেন, উদ্ধার হওয়া তিনজনই জানিয়েছেন তারা নারকেল খেয়ে বেঁচে ছিলেন, ‘প্রাথমিকভাবে দেখলে মনে হবে এই দ্বীপে তেমন কিছু নেই। কিন্তু সেখানে গুল্ম উদ্যান আছে, আবার কিছু গাছপালাও আছে। তাই এসব লোকজন হয়তো সেখান থেকে খাবার জোগাড় করেছে।’

তিনি জানান, টহলের সময় নিচে একটা কিছুতে তার চোখ আটকায়। তিনি ফেরার সময় আরেকটু নিচু দিয়ে যখন আসেন, তখন বুঝতে পারেন সেখানে কয়েকজন চরম বিপদে পড়েছেন।

কিন্তু তখন তাদের উদ্ধার করার মতো কোনো সরঞ্জাম তার কাছে ছিল না। এসময় তাদের উদ্দেশে খাদ্য ও পানির বোতল নিচে ফেলেন এবং যোগাযোগ করার জন্য রেডিও ফেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত