নিরপেক্ষ নির্বাচন দাবি

চট্টগ্রামের সমাবেশ স্থগিত বিএনপির

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:০০ এএম

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমানকে দেওয়া বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত দেশব্যাপী কর্মসূচির কারণে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পরাজিত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘সমাবেশের কর্মসূচি আগামী ২০-২৩ ফেব্রুয়ারির মধ্যে যে-কোনো দিন পালন করা হবে। তবে অপর ৫ সিটি করপোরেশন এলাকায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ অনুষ্ঠিত হবে।’

গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির পরাজিত ৬ মেয়রপ্রার্থী। তারা ওইদিন ঘোষণা দেন দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ সিটি করপোরেশন এলাকায় ৬টি সমাবেশ করবেন। ঘোষিত সেই সমাবেশের প্রথমটি ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে হওয়ার কথা ছিল।

গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত