নারীকে মারধরের অভিযোগ

পাটগ্রামে সাবেক কাউন্সিলর ও ছাত্রদল আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:০১ এএম

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার রহমানপুর গ্রামে প্রতিবেশী এক নারীকে মারধরের অভিযোগে সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা শাহিনুর আরেফিন রতন (৪৬) এবং তার ভাই পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সনেটকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, পাটগ্রাম পৌরসভার রহমানপুর গ্রামে বাস করেন শাহিদা বেগম (৪৫)। প্রতিবেশী সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রতন ও তার ভাই সনেটের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।

গত ৭ ফেব্রুয়ারি আরেক প্রতিবেশী মিঠু মিয়ার বাড়িতে বেড়াতে গেলে রতনের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে গুরুতর আহত হন শাহিদা বেগম।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে শাহিদা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, শাহিদা বেগম নামে এক নারীর দেওয়া অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত