রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৫ এএম

রাজধানীর মুগদা মান্ডায় ছুরিকাঘাতে হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মান্ডা লেটকা ফকিরের গলিতে এ ঘটনা ঘটে। হাসান একটি ছাপাখানায় কাজ করত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই মো. হাবীব জানান, হাসান একটি ছাপাখানায় কাজ করে। তাদের বাড়ি কুমিল্লা দেবীদ্বার উপজেলার বেররা গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় হাসান পরিবারের সঙ্গে মান্ডা লেটকা ফকিরের গলিতে থাকে।

হাবিব আরও জানায়, সন্ধ্যায় একই এলাকার ব্যান্ডেজ গ্রুপের কয়েক কিশোর হাসানকে ডেকে নেয়। এরপর বাসার অদূরেই তারা হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। কী কারণে বা কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে বড় ভাই হাসান কিছু জানাতে পারেনি।

হাসপাতাল থেকে পুলিশের হাতে আটক হওয়া অভিযুক্ত বেলাল (১৮) জানায়, সে মদিনাবাগে থাকে। কয়েক মাস আগে হাসানের বন্ধু সাগর, চাদমনীসহ কয়েকজনের সঙ্গে সিনিয়র জুনিয়র নিয়ে বেলালের দ্বন্দ্ব হয়। গতকাল সন্ধ্যায় বেলাল তার বন্ধু আশিক, মেজু, রতনসহ কয়েকজনকে নিয়ে লেটকা ফকিরের গলিতে বেড়াতে যায়। তখন হাসানসহ তার বন্ধুরা প্রথমে বেলালদের ওপর আক্রমণ করে। পরে তাদের ছুরি কেড়ে নিয়ে বেলাল হাসানকে ছুরিকাঘাত করে। এতে তার পেটে ও গলায় গুরুতর জখম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত