সাবেক শ্বশুরের মামলায় পরোয়ানা

সংগীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬ এএম

সাবেক শ্বশুরের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ। রাজধানীর পল্লবী থানা পুলিশ বলছে, মিলাকে গ্রেপ্তার করার জন্য এ পর্যন্ত কয়েকটি অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপন করেছেন। মিলার সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এসএম নাসির উদ্দিন বাদী হয়ে বছর দুয়েক আগে মিলা ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সম্প্রতি মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বুধবার মিলার বিরুদ্ধে একটি  গ্রেপ্তারি পরোয়ানা থানায় এসেছে। পরোয়ানা মিলার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় দেওয়ার সময় মিলাকে পাওয়া যায়নি। এর মধ্যে মিলার বাসাসহ একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। তবে এখনো তাকে পাওয়া যায়নি।

মিলার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা মিরপুর ডিওএইচএসের আর্মি লেক ভিউ, প্লট-৪৩১, ৬ষ্ঠ তলার ফ্ল্যাটে পুলিশ পৌঁছে দেয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার একটি কপি মিরপুর ডিওএইচএসের ৬ নম্বর অ্যাভিনিউয়ের ১০ নম্বর রোডের ৭৬৪ নম্বর বাড়িতে পাঠানো হয়েছে। এই বাড়িতে মিলা তার বাবাসহ থাকেন। ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী তাজবিহা বিনতে শহীদ মিলা ইসলাম ও পাইলট পারভেজ সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। দাম্পত্য কলহের জেরে ওই বছরের ৫ অক্টোবর স্বামী সানজারির বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন মিলা। ওই মামলায় সানজারি জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন। এ ছাড়া মিলা তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইন ছাড়াও ডিজিটাল আইনে একটি মামলা করেছেন। অপরদিকে সানজারি তার সাবেক স্ত্রী মিলার বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন করার অভিযোগে আরেকটি মামলা করেছেন। মিলার ২০০২ সালের ৩১ জুলাই আবির আহম্মেদ নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পুলিশ জানায়, ২০১৯ সালের ২ জুন সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হন। ওই ঘটনায় সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলা ও তার এক সহযোগীকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় সম্প্রতি মিলার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত