ঢাকা টেস্টে প্রথম তিন দিন শেষে বাংলাদেশের বলার মতো যদি কোনো গল্প থাকে, তবে সেটি লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং।
শনিবার নিজেদের প্রথম ইনিংসে সপ্তম উইকেট জুটিতে ১২৬ রান করেন লেট মিডল অর্ডারের এই দুই ব্যাটার। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ।
এত দিন যে রেকর্ডের অংশীদার ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাসির হোসেন।
২০১২ সালে মিরপুরেই প্রথম ইনিংসে সপ্তম উইকেট জুটিতে ১২১ রান করেছিলেন মাহমুদউল্লাহ-নাসির। ৯ বছর পর সেই রেকর্ড ভাঙল।
সেবার নাসির ৯৬ ও মাহমুদউল্লাহ ৬২ রান করেন। এ ছাড়া নাঈম ইসলাম ১০৮ রান করেছিলেন। সুবাদে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ৫২৭ রান।
প্রথম ইনিংসে লিড পেয়েও, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭৭ রানে ম্যাচ হারে বাংলাদেশ। ২৪৫ রানের টার্গেটে ১৬৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
আর এদিন লিটন-মিরাজের রেকর্ড জুটির পরও ক্যারিবীয়দের প্রথম ইনিংসের চেয়ে বেশ দূরে থেকেই অলআউট হয়েছে বাংলাদেশ।
২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন। প্রথম ইনিংসে ৪০৯ রান করা উইন্ডিজ ৩ উইকেটে ৪১ রান করেন তৃতীয় দিনের খেলা শেষ করেছে। এখন পর্যন্ত স্কোরবোর্ডে লিড জমা পড়েছে ১৫৪ রানের।
