তৃতীয় আম্পায়ারেরও এমন ভুল!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৬ পিএম

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তৃতীয় আম্পায়ারের দুটি ভুল সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক চলছে। দুটি সিদ্ধান্তই পক্ষে গেছে ভারতের।

প্রথমে রোহিত শর্মার স্টাম্প আউট, পরে অজিঙ্কা রাহানের ক্যাচ। রোহিতের স্টাম্প নিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের রেশ কাটার আগেই রাহানের ক্যাচ নিয়ে তৃতীয় আম্পায়ার পুনরায় ভুল করে বসেন।

রাহানের ক্ষেত্রে ম্যাচ অফিশিয়ালদের পক্ষে কার্যত ভুল স্বীকার করে নেওয়া হয়। অজিঙ্কা সে যাত্রায় বেঁচে গেলেও রিভিউ ফিরিয়ে দেওয়া হয় ইংল্যান্ডকে।

৭১তম ওভারে লিচের শেষ বলে রোহিত শর্মার বিরুদ্ধে স্টাম্প আউটের আবেদন জানায় ইংল্যান্ড। তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরী নটআউট ঘোষণা করেলও রিপ্লে দেখে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া মুশকিল।

কেননা, বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী, বেশির ভাগেরই দাবি, আউট ছিলেন রোহিত।

হিটম্যান যদিও পড়ে পাওয়া জীবনদান কাজে লাগাতে পারেননি। পরের ওভারে বল করতে এসে সেই জ্যাক লিচই সাজঘরে ফেরান রোহিতকে। ১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৬১ রান করে মঈন আলীর হাতে ধরা দেন তিনি।

৭৫তম ওভারে লিচের দ্বিতীয় বলে রাহানের বিরুদ্ধে ক্যাচের আবেদন জানায় ইংল্যান্ড। ফিল্ড আম্পায়ার নট-আউট দিলে রুট রিভিউ নেয় ইংলিশরা। তৃতীয় আম্পায়ার নট-আউট ঘোষণা করলেও স্নিকোয় দেখা যায় বল রাহানের ব্যাটে লেগে পোপের হাতে জমা পড়েছে। জো রুটকে দৃশ্যতই ক্ষুব্ধ দেখায়।

রাহানে পরের ওভারে মঈন আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৪৯ বলে ৬৭ রান করেন তিনি।

রোহিত ও রাহানের মধ্যে কোনো একজন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে নিজেদের ইনিংসকে আরো দীর্ঘ করলে বিতর্ক আরো বাড়ত সন্দেহ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত