নতুন পার্স, ব্যাগ, জুতো কিনলে তার ভেতরে ছোট ছোট সাদা প্যাকেট থাকে। এগুলোই সিলিকা জেল। বাতাসে উপস্থিত আর্দ্রতা খুব দ্রুত শোষণ করে নেয় এই সিলিকা জেল। জেনে নিন এগুলোর ব্যবহার সম্পর্কে-
ড্রয়ারের যত্ন নিতে : ড্রয়ারের ভেতরে একসঙ্গে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়, ফলে ড্রয়ারের ভেতরে ভ্যাপসা গন্ধ তৈরি হয়। তাই ড্রয়ারে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে দিন। ভ্যাপসা গন্ধ চলে যাবে।
গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে : পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ, গাড়ি বা বাড়ির দলিল ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্র যেখানে রেখেছেন, সেখানে কয়েকটি সিলিকা জেল রেখে দিন। এটি সেই নথিগুলোকে শুষ্ক ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখবে।
ক্যামেরা : অনেক সময় ক্যামেরার লেন্সে ফাঙ্গাস পড়ে যায়। এর ফলে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। ক্যামেরার বাক্সে সিলিকা জেল রাখলে এটি ক্যামেরাকে শুষ্ক রাখবে।
মোবাইল পানিতে পড়ে গেলে : মোবাইল পানিতে পড়ে গেলে একটি ব্যাগে ৮-৯ ঘণ্টার জন্য বেশ কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে তাতে মোবাইল রেখে দিন। সারা দিন রাখলে অবশ্য বেশি ভালো। মোবাইলের ভেতরের যন্ত্রাংশে পানি ঢুকলে সিলিকা জেল তা শোষণ করে নেবে।
বই ও অ্যালবামের যত্নে : বই ও অ্যালবামে দ্রুত পোকামাকড় লেগে যায় এবং স্যাঁতসেঁতে হয়ে যায়, যার কারণে সেগুলো হলুদ হয়ে যায়। বই ও অ্যালবামের পৃষ্ঠাগুলোর মধ্যে সিলিকা জেলের প্যাকেট রাখুন। বই ভেজা থাকলে সেগুলো রোদে শুকিয়ে মাঝে সিলিকা জেল রাখুন।
গয়না ভালো রাখতে : বাতাসে উপস্থিত আর্দ্রতার কারণে গয়নায় বিশেষ করে সিলভারের গয়না কালো হয়ে যায়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে জুয়েলারির বাক্সে সিলিকা জেলের ছোট প্যাকেট রেখে দিন। বাতাসের বাড়তি আর্দ্রতাকে শোষণ করে গয়না চকচকে রাখতে সহায়তা করবে এগুলো।
