স্থলবন্দর আধুনিকায়ন কাজ উদ্বোধনকালে নৌ-প্রতিমন্ত্রী

চার লেন হবে সিলেট-শেওলা সড়ক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫২ এএম

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন-অগ্রযাত্রায় দেশ এখন সারা বিশ্বের রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতায় ৬৯৩ কোটি টাকা ব্যয়ে সিলেটের শেওলাসহ দেশের চারটি স্থলবন্দর আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত সড়ককে চার লেনে উন্নীত করা হবে। এতে আমদানি-রপ্তানি ব্যবসা আরও বাড়বে। নৌপরিবহন প্রতিমন্ত্রী গতকাল শনিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কাস্টমসের অতিরিক্ত কমিশনার রাশিদুল হাসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ আরও বলেন, বিরোধীরা বলে তারা উন্নয়ন করেছে। আমিও বলি হ্যাঁ তারা উন্নয়ন করেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নযজ্ঞ চলছে, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। 

তিনি বলেন, ২০১৮ সালে সিলেটের বিয়ানীবাজারের শেওলা কাস্টমস স্টেশনকে একটি স্থলবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। এখন ১২৪ কোটি টাকা ব্যয়ে শেওলা স্থলবন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন হবে। এতে এই বন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শেওলা স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের বিষয়ে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্টের প্রকৌশলী সরোয়ার আহমদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত