টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম শত উইকেটের মাইলফলক ছুঁলেন মেহেদী হাসান মিরাজ। গতকাল মিরপুরে উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শেন মোসলিকে আউট করে এই কীর্তি গড়েন তিনি। ২৪ টেস্টে এই রেকর্ড গড়লেন এই অফস্পিনার। দ্রুত ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল তাইজুল ইসলামের। ২০১৯-এ চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে তাইজুল ২৫তম টেস্ট খেলতে নেমে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টেস্টে এই মাইলফলক ছুঁয়েছেন মিরাজ। তার আগে মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম আছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১০ উইকেট সাকিবের। ৫৭ টেস্টে এই অর্জন তার। ২৮তম টেস্টে ১০০ উইকেট পেয়েছিলেন সাকিব। সাবেক স্পিনার রফিক ৩৩ ম্যাচে ঠিক ১০০ উইকেট নিয়ে অবসরে যান।
১০০ উইকেট নিয়ে সাকিব, তাইজুল ও রফিকদের পাশে বসতে পেরে দারুই খুশি মিরাজ। প্রথম অফস্পিনার হিসেবে এই মাইলফলক গড়তে পেরে গর্বিতওÑ ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তারা সবাই কিন্তু বাঁহাতি স্পিনার। আর আমি ডানহাতি অফস্পিনার। এত দ্রুত ১০০ উইকেট পাওয়ায় আমার নিজের ভেতরেই ভালো লাগা কাজ করছে। আমি চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য। দেশের জন্য আরও উইকেট পাওয়ার।’
