রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পড়ে শরিফুদ্দিন হারুন (৫২) নামে ট্রেনের ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানান, তারা স্টেশনে ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। তখন আরেকটি ইঞ্জিনের নিচে চাপা পড়েন শরিফুদ্দিন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১২টার দিকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। পরিবার নিয়ে শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
