রাজবাড়ীর দৌলতদিয়ায় একটি তেলবাহী ট্যাঙ্কার ও একটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে সাংহাই-৪ নামে ওই ট্যাঙ্কার ও এমভি ফ্লাইংবার্ড-২ নামে লঞ্চটির মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় অন্তত ১৫০ লঞ্চযাত্রী।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, দুপুর ১২টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ১৪৫ যাত্রী ও ৪-৫ জন কর্মী নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা মালবোঝাই অয়েল ট্যাঙ্কারটি লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়াসহ কয়েক যাত্রী ছিটকে নদীতে পড়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে ট্যাঙ্কার কর্মী, নদীতে মাছ ধরার ট্রলার ও অন্যান্য লঞ্চে থাকা যাত্রীরা তাদের উদ্ধার করে।
এমভি ফ্লাইংবার্ড-২ লঞ্চটির মাস্টার শহিদ শিকদার বলেন, ‘পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে নদীপথের প্রায় তিনভাগই চলে আসি। এ সময় দেখতে পাই দুটি অয়েল ট্যাঙ্কার পাল্লা দিয়ে আসছে। আমি লঞ্চ দ্রুত পেছন দিকে ব্যাগার দিই। কিন্তু একটি ওয়েল ট্যাঙ্কার আমার লঞ্চের মাঝামাঝি এসে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েক যাত্রী ভয়ে লঞ্চ থেকে লাফ দিয়ে নদীতে পড়ে। লঞ্চটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কোনো প্রাণহানি ঘটেনি। বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব উদ্দিন জানান, দ্রুতগতিতে অয়েল ট্যাঙ্কারটি পাল্লা দিয়ে চলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
