যশোরে চাকরির লোভ দেখিয়ে নারীকে ধর্ষণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৫ এএম

যশোর সদর উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ধর্ষণের শিকার ওই নারী অভয়নগর উপজেলার পায়রা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী জানান, খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের মানিক কুন্ডুর সঙ্গে পরিচয় ছিল তার। এর পরিপ্রেক্ষিতে তাকে একটি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকাও নেয় মানিক। এরপর চাকরির নিয়োগকর্তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে গত শুক্রবার ওই নারীকে নিয়ে যশোর যায় মানিক। এরপর সন্ধ্যার দিকে ইজিবাইকে করে হাশিমপুর যাওয়ার পথে একটি পরিত্যক্ত মাঠে নিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণের পর পালিয়ে যায় মানিক ও তার দুই সহযোগী। পরে সেখান থেকে উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ওই ঘটনায় ওইদিন রাতেই শামীম (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শামীম তারাব পৌরসভার খাদুন এলাকার সিরাজুল ইসলামের ছেলে। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত