ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুল্লাহ আল রিদওয়ান (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। রিদওয়ান ওই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের ভূঞা বাড়ির আবু তাহেরের ছেলে। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি।
রিদওয়ানের মামা ফখরুল ইসলাম জানান, ২০১৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে স্কলারশিপ নিয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে পড়ালেখা করতে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় রিদওয়ান। সেখানে দুই বছর অধ্যয়ন শেষে ফের স্কলারশিপ নিয়ে একই বিষয়ে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। ছুটি নিয়ে দেশে এসে করোনার কারণে আটকা পড়ে রিদওয়ান। শুক্রবার বিকেলে চাচাতো ভাই নিঝুমকে নিয়ে মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের বাংলাবাজার এলাকায় ঘুরতে যায় সে। বাড়ি ফেরার পথে সওদাগর হাট ব্রিজ অতিক্রমকালে সেখানে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুজনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রিদওয়ানকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহে সড়কে ১২ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক রনি গাজীকে (২৮) আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় রনিকে আটক করা হয়।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে বাসটি কালীগঞ্জের আমজাদ ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই বাসটির ৯ যাত্রী ও হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।
খুলনায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাজারের পাশে মালথিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইজিবাইক চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০) ও রাজিবুল ইসলাম (৪০)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল রাতে স্থানীয় ময়লাপোতা এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর ও রাজিবুল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মালথিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ওই যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ডুমুরিয়া থানার ওসি মো. ওবায়দুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
