জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি ঘোষণা দিয়েছেন অর্ধ ডজনেরও বেশি সিনেমা নির্মাণের। শুরুও করেছেন শুটিং। তারই গল্পে মনতাজুর রহমান আকবর পরিচালনা করেছেন ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি। শুটিং এবং ডাবিং শেষ হয়েছে এটির। রয়েছে সেন্সর বোর্ডে জমা দেয়ার অপেক্ষায়। এদিকে আরও একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ডিপজল। ১৫ ফেব্রুয়ারি থেকে তার নতুন সিনেমা ‘বাংলার হারকিউলিস’-এর শুটিং শুরু হচ্ছে। এখানে নাম ভূমিকায় তিনিই অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন। পুলিশি-থ্রিলার ধাঁচের গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। এখানে অনেক ট্যুইস্ট থাকবে।
‘বাংলার হারকিউলিস’ সিনেমাটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। এর গল্পও ডিপজলের। এতে নায়িকা হিসেবে থাকবেন মৌ খান। এছাড়া তরুণ নায়ক হিসেবে থাকবে নাদিম।
ছবিটি প্রসঙ্গে গণমাধ্যমে ডিপজল জানান, ‘নতুন সিনেমাটির শুটিং ‘অমানুষ হলো মানুষ’-এর মতোই একটানা শেষ করা হবে। আমি আমার ঘোষণা মতোই একের পর এক সিনেমার কাজ শুরু করেছি। প্রথমে ৭টি সিনেমার ঘোষণা দিলেও এখন এ সংখ্যাটি আরও বাড়বে।’
