থমসন রয়টার্স ফাউন্ডেশনের স্টপ সেলিভারি অ্যাওয়ার্ড ২০২১ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ডেনিম এক্সপার্ট। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্যাটাগরিতে বিশ্বের আরও ৪টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর আগে বাংলাদেশি অন্য কোনো প্রতিষ্ঠান প্রাথমিক তালিকায়ও স্থান পায়নি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্যাটাগরির অন্য প্রতিষ্ঠানগুলো হলো সিঙ্গাপুরভিত্তিক ডিজিনেক্স সলিউশন, জার্মানিভিত্তিক পোশাক কোম্পানি আর্মাডঅ্যাঞ্জেলস, যুক্তরাজ্যভিত্তিক ব্লু বেয়ার কফি কো. এবং যুক্তরাজ্যভিত্তিক এইচএসিই : ডাটা চেইঞ্জিং চাইল্ড লেবর লিমিটেড।
ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন (ডেনিম মুস্তাফিজ) গত শনিবার রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেল। এটা গোটা পোশাক খাতের জন্য সম্মান ও গর্বের। চূড়ান্ত বিজয়ী কে হয় সেটা জানার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
২০১৫ সাল থেকে থমসন রয়টার্স প্রদান করে আসছে। স্টপ স্যালিভারি এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড-গুডস অ্যান্ড সার্ভিস কোম্পানি, স্টপ সেলিভারি অ্যাওয়ার্ড-ক্ষুদ্র ও মাঝারি ক্যাটাগরি, স্টপ সেলিভারি হিরো অ্যাওয়ার্ড, স্টপ সেলিভারি ক্যাম্পেইন অ্যাওয়ার্ড, স্টপ সেলিভারি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড, স্টপ সেলিভারি কলাবরেশন অ্যাওয়ার্ড, স্টপ সেলিভারি ইনোভেশন এবং স্টপ সেলিভারি মিডিয়া অ্যাওয়ার্ড এই মোট ৮টি ক্যাটাগরিতে পুরস্কৃত করে থাকে। এসব ক্যাটাগরিতে এখন চূড়ান্ত মনোনয়ন পেয়েছে মোট ২৮টি প্রতিষ্ঠান।
