নব বসন্তে দিয়ার নতুন জীবন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯ এএম

‘মিস এশিয়া প্যাসিফিক’ বিজয়ী বলিউড বিউটি দিয়া মির্জা। তার খোঁজ যারা রাখেন তারা জানেন, তিনি অভিনয়ে সেভাবে কখনোই পাদপ্রদীপের আলোয় আসতে পারেননি। কিন্তু বরফ শীতল চেহারা আর ব্যক্তিত্ব তাকে সবার থেকে আলাদা করে রাখে। দিয়া সেই তারকার একজন যিনি তারকাখ্যাতিকে সামাজিক উন্নয়নে দারুণভাবে কাজে লাগাচ্ছেন। তাকে বলা হয় পরিবেশবাদী বলিউড তারকাদের পথিকৃৎ। পলিথিনের ব্যবহার বন্ধের আন্দোলনে তিনি ভারতের সম্মুখভাগের তারকা। শুধু তাই নয়, সব সময় কথাবার্তায় বুদ্ধির ছাপ ও ক্লিন ফ্যাশন সেন্স তাকে অনবদ্য করে। তার জীবনে বিতর্ক বলতে একটাই, তা হলো প্রথম বিয়ে ভাঙন। এর বাইরে তিনি একাধিক প্রেম নিয়ে কখনোই আলোচনায় আসেননি।

যাই হোক, প্রথম বিয়ে না টিকলেও আর একা থাকতে চাচ্ছেন না এই তারকা। ২০১৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অংশীদার সাহিল সংঘার সঙ্গে সংসার পেতেছিলেন দিয়া। এরপর আচমকাই ছন্দপতন। বিয়ের ৫ বছরের মাথায় ২০১৯ সালের আগস্টে তাদের বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর এই সংস্থা থেকে সরে দাঁড়ান দিয়া। প্রতিষ্ঠা করেন নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। দুবছরের মাথায় আবারও নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন তিনি। পাকাপোক্ত জায়গা করে নিতে চলেছেন ব্যবসায়ী বৈভব রেখির হৃদয়ে। আজ বাজবে বিয়ের সানাই। প্রেমকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন বৈভব আর দিয়া। পুরনো সবকিছু পেরিয়ে এসে নব বসন্তে নতুন জীবন শুরু করতে চলেছেন তারা। বেশ কয়েক মাস ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার মালাবদল করে প্রমাণ করবেন, যা রটে তার কিছু তো বটে! তবে প্রথম বিয়ের তিক্ততা থেকে শিক্ষা নিয়েছেন দিয়া। তাই এবার বিয়ে করবেন একেবারেই ছোট পরিসরে, ঘরোয়া আয়োজনে, পরিবারের একান্ত কাছের কিছু মানুষকে নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত