সেনাবাহিনী প্রধান করোনা টিকা নিলেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৯ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গতকাল রবিবার প্রথম কর্মদিবসেই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকা নেওয়া শেষে তিনি সবাইকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে পরামর্শ দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে মোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিকে টিকা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত