অপূর্বকে হারালেন নিশো, অবস্থানে অটল মেহজাবিন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৫ পিএম

বাংলা নাটকের ভিউ এখন ইউটিউবে। দর্শকপ্রিয়তার বিচার করা হয় ভিডিও শেয়ারিং এ সাইটকে কেন্দ্র করে। সেখানেই কম সময়ে কোটি ভিউ পাওয়া নাটকের রেকর্ড গড়লেন আফরান নিশো। আগে রেকর্ডটি ছিল জিয়াউল ফারুক অপূর্বর। তবে দুই নাটকেই মুখ্য অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

টানা ৪ বছর এই অবস্থান ধরে রেখেছিল অপূর্ব-মেহজাবিন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘‌বড় ছেলে’। এখন তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে নিশো-মেহজাবিন অভিনীত ‌‘শিল্পী’।

মহিদুল মহিম পরিচালিত ‌‘শিল্পী’ কোটি ঘর পেরোতে সময় নেয় ২৬ দিন ৯ ঘণ্টা। আর ‘‌বড় ছেলে’ কোটি ভিউ অতিক্রম করতে সময় নিয়েছিল ৩৪ দিন।

১৮ জানুয়ারি ‌‘শিল্পী’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। কোটি ভিউয়ের ঘর অতিক্রম করে ১৩ ফেব্রুয়ারি। নাটকটিতে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের দুটো সিনেমার গানের রিমেক ভার্সনও এখন ভাইরাল।

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘‌‘পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে আমাদের ‘শিল্পী’ দেখিয়ে দিলো তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলবো। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবিন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা জানাই আমার প্রযোজক পাপ্পু ভাইকে, তার সাহস ছাড়া এই কাজ সম্ভব হতো না। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।’’

দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে ‘শিল্পী’। অন্যদিকে ‘বড় ছেলে’র কেন্দ্র ছিল মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের গল্প।

ইউটিউব ভিউতে শীর্ষ দশে থাকা বাকি নাটকগুলো হলো এক্সচেঞ্জ (৫৩ দিন), মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ (৭৩ দিন),  ভালোবাসি তুমি আমি (১৩০ দিন), যমজ ১০ (১৫৯ দিন), এক্স বয়ফ্রেন্ড (১৭২ দিন), মিশন বরিশাল (২০৪ দিন), টম অ্যান্ড জেরি (২১৫ দিন) এবং বুকের বাঁ পাশে (২৭৪ দিন)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত