১ বছর পর চিরচেনা রূপে ফিরছেন জেমস

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৮ পিএম

করোনার কারণে গত ১ বছর কোনো কনসার্টে দেখা যায়নি নগর বাউল জেমসকে। সর্বশেষ গত বছর ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্টে অংশ নিয়েছিলেন এই রকস্টার। ১ বছর পর আবারো চিরচেনা রূপে ফিরছেন তিনি। আসছে ১২ মার্চ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে অংশ নেবেন তিনি। এটির আয়োজক ‘ক্লাসরুম এসএসসি ২০০১’। তারও আগে ৫ মার্চ একটি কর্পোরেট শো করবেন জেমস। কনসার্টের বিষয়গুলো নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন ও ওপেন এয়ার কনসার্টের আয়োজক ক্লাসরুম এসএসসি ২০০১।

ক্লাসরুম এসএসসি ২০০১-এর আহ্বায়ক ফাহিমুজ্জামান ফাহিম জানান, ‘২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছিল। আমরা বন্ধুরা ভীষণ টেনশনে ছিলাম। ২০২১ সালে এসে আমাদের সেই বন্ধুদের ২০ বছর পূর্তি হচ্ছে। তাই সবাই মিলে এটি উদযাপন করতে চাই। খুবই ভালো লাগছে নগর বাউল জেমস আমাদের মতো দুষ্টু ছেলেদের সময় দেবেন- ভেবে।’মিরপুর ১৪ নম্বর পিএসসিতে হবে এ কনসার্ট। এতে ডিজে রাহাতসহ আরও কয়েকজন অংশ নেবে।

আয়োজকরা জানান, শুধু এসএসসি ২০০১-এর ব্যাচের শিক্ষার্থীরা দর্শনীর বিনিময়ে এতে যোগ দিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত