বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এ মুহূর্তে আলোচনায় তার আত্মজীবনী ‘আনফিনিশড’ ঘিরে। এ বইয়ে তিনি না বলা অনেক কথা আর অব্যক্ত একবুক যন্ত্রণা উগরে দিয়েছেন। জীবনের নানা রহস্য ফাঁস করেছেন প্রিয়াঙ্কা। আজ সাফল্যের চূড়ায় বসে আছেন সাবেক এই বিশ্বসুন্দরী। কিন্তু তার এ দীর্ঘচলার পথ মোটেও মসৃণ ছিল না। বারবার ক্ষতবিক্ষত হয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি অনেক সময় একরাশ মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাকে। জীবনের এ কঠিন সময়গুলো আজও তার কাছে পেরিয়ে আসা দুঃস্বপ্নের মতো। এমন একটা সময় এসেছিল, যখন তিনি নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করেছিলেন। এমনকি নিজের মা মধু চোপড়ার কাছেও প্রিয়াঙ্কা তার অসহ্য যন্ত্রণার কথা মুখ ফুটে বলেননি। বাবা অশোক চোপড়া মারা যাওয়ার পরপরই তার ব্রেকআপ হয়েছিল। আর এ দুটি ঘটনা তার জীবনে গভীর ক্ষত সৃষ্টি করে। ভেঙে চুরমার করে দেয় প্রিয়াঙ্কাকে। বইয়ে তিনি বলেছেন, ২০১৬ সালে তিনি নিউ ইয়র্কে কোয়েন্টিকোর শ্যুটিং করছিলেন। সে সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। ব্রেকআপ আর বাবার মৃত্যুর কারণে বিষন্নতা তাকে ঘিরে ধরেছিল। এই বলিউড নায়িকার ওজন বেড়ে গিয়েছিল ৯ কেজি। এ অবস্থা কাটিয়ে ওঠার অনেক চেষ্টা করেছিলেন। অবশেষে তিনি এ থেকে বেরিয়ে আসতে সফল হন।
বইয়ে প্রেমিকের নাম উল্লেখ না করলেও অনেকে ধারণা করছেন বলিউড তারকা শাহরুখই ছিলেন প্রিয়াঙ্কার প্রেমিক। গুঞ্জন ছিল একসময় প্রিয়াঙ্কার প্রেমে নাকি মজেছিলেন বলিউডের ‘ওয়ান ওম্যান ম্যান’ বলে পরিচিত শাহরুখ খান। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন প্রিয়াঙ্কা। ২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পায় এই জুটির আরেকটি ছবি ‘ডন ২’। ছবিটির কাজ শুরুর আগেই হঠাৎ করে প্রিয়াঙ্কার প্রতি আগ্রহ দেখানো শুরু করেন শাহরুখ খান। বিভিন্ন ছবিতে তার বিপরীতে প্রিয়াঙ্কাকে নেওয়ার জন্য প্রযোজকদের অনুরোধ করতে থাকেন কিং খান। অবশেষে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখকে কাজের সুযোগ করে দেন ‘ডন ২’ ছবির পরিচালক ফারহান আখতার। কৈশোরের প্রেমিকা গৌরী আর দুই সন্তানকে প্রায় ভুলতে বসেছিলেন শাহরুখ। এমনও খবর ছড়িয়েছিল, ২০১৩ সালের ২২ মার্চ শাহরুখ নাকি দুবাইয়ে গোপনে প্রিয়াঙ্কাকে বিয়ে করেন। সে বিয়ের আসরে গোপনে আসেন প্রিয়াঙ্কা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিয়ে। নিরাপত্তা আর গোপনীয়তার জন্য সে বিয়েতে মুঠোফোন, ক্যামেরা নিয়ে আসাও নিষেধ ছিল সেখানে। একসময় প্রিয়াঙ্কাকে সঙ্গ না দিয়ে আবার গৌরীর কাছে ফিরে আসেন শাহরুখ। তৃতীয় সন্তানের বাবাও হন। প্রিয়াঙ্কার ‘আনফিনিশড’ বইটির জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। মার্কিন মুলুকে, লন্ডনে বইটির বিক্রি হু হু করে বেড়েই চলেছে।
