বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা আজ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩১ এএম

বিদ্যা, কলা, জ্ঞান ও শুদ্ধতার প্রতীক দেবী সরস্বতী পূজা আজ। দিবসটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। আজ শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা, অঞ্জলি দিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দেবেন তার ভক্তরা। অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকবর্তিতার পথ দেখাতে কল্যাণময়ী দেবী সরস্বতীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা। হিন্দু শাস্ত্রীয় বিধান অনুসারে চতুর্ভূজা ব্রহ্মার মুখ থেকে আভির্ভূতা শুভ্রবর্ণা বীণাধারিণী চন্দ্রের শোভাযুক্ত দেবীই হলেন সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। রাজধানীসহ বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় পূজার আয়োজন করা হয়েছে। করোনাভাইরাস সৃষ্ট রোগ কভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে এবার স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।

রাজধানীর ঢাকেশ^রী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামন্ডপে সরস্বতী পূজার আয়োজন করেছে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দিরসহ সুপ্রিম কোর্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পূজার আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজা সাধারণ পূজার নিয়মানুসারে হলেও এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার যেমন অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত কলম যবের শীষ এসবের প্রয়োজন হয়। আজ পূজার দিনে হিন্দু সম্প্রদায়ের শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ করা হবে। প্রত্যুষে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলিসহ দিনব্যাপী প্রসাদ বিতরণ, ধর্মীয়  আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। সব অনুষ্ঠান হবে স্বাস্থ্যবিধি মেনে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি দেশ রূপান্তরকে বলেন, ‘এবার কভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা ও অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও সেখানেও পূজা হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত