হালেপকে হারিয়ে ওসাকার সামনে সেরেনা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৭ পিএম

সিমোনা হালেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে ওঠার লড়াইয়ে যার প্রতিপক্ষ নওমি ওসাকা।

৩৯ বছর বয়সী সেরেনা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনে দারুণভাবে এগিয়ে চলেছেন। মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়া থেকে এখন মাত্র দুই ধাপ দূরে তিনি।

মঙ্গলবার মেলবোর্নে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে রোমানিয়ান তারকা হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারান সেরেনা।

এর আগে জাপানি তারকা ওসাকা ৬৬ মিনিটে তাইওয়ানের সে সু-ওয়েকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন।

তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকা ২০১৮ ইউএস ওপেনের ফাইনালে সেরেনাকে হারিয়েই পেয়েছিলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ। এরপর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে এই দুই তারকা।

বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচ সেরেনা ও ওসাকার মধ্যে। মেয়েদের এককের ফাইনাল হবে শনিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত