ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন মাসের মাথায় পৃথিবীর মায়া ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আরেক নায়ক লিওপোলদো লুক। গত সোমবার মারা যান তিনি। গত বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী লুক। এরপর আর পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ১৯৭৮ বিশ্বকাপে ৪ গোল করা লুক ড্যানিয়েল বেরতোনি, মারিও কেম্পেসের সঙ্গে ভয়ংকর আক্রমণভাগ গড়েছিলেন। হাঙ্গেরির বিপক্ষে ২-১ ব্যবধানে আর্জেন্টিনার প্রথম জয়ের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন লুক। পেরুর বিপক্ষে ৬-০ গোলের যে জয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে লুক করেছিলেন জোড়া গোল। ক্লাব ফুটবলে লুক পুরোটা সময় খেলেছেন লাতিন আমেরিকায়। রোজারিও সেন্ত্রাল, রিভার প্লেট ও রেসিং ছাড়া আরও অনেক ক্লাবে খেলেছেন তিনি। খেলেছেন ব্রাজিলের দল সান্তোস ও মেক্সিকোর দল দেপোর্তিভো তাম্পিকোতেও।
×
