চীনে স্যালাইন-পানির টিকা বিক্রি, হোতা গ্রেপ্তার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৫ এএম

চীনে স্যালাইন ও পানি দিয়ে ৫৮ হাজার ডোজ করোনাভাইরাসের নকল টিকা বানিয়ে বিক্রির মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়া চক্রের হোতা কংকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিবিসি বলছে, এসব টিকা বানানোর আগে কং আসল টিকার মোড়কের নকশা নিয়ে গবেষণা করেন। নকল টিকাগুলো বিদেশে পাচার করা হয়। তবে কোথায় সেগুলো পাঠানো হয়েছে, তা জানা যায়নি।

চীনে টিকা নিয়ে জালিয়াতির ঘটনাগুলোর বেশিরভাগ সামনে আসে গত বছরের শেষদিকে। তবে চলতি সপ্তাহে ঘটনাগুলোর বিশদ জানা যায়। পেইচিং নকল টিকা কেলেঙ্কারির ঘটনা বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। ইতিমধ্যে টিকাসংক্রান্ত জালিয়াতির অন্তত ২০টি মামলায় দেশটিতে ৭০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আদালতের দেওয়া তথ্যে, কং ও তার দল গত বছর আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছর নভেম্বরে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এ টিকাগুলো বিক্রি করা হয়েছিল। নকল টিকাগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরও কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল টিকা সরবরাহ করে।

চীনের সুপ্রিম পিপলস প্রসিকিউরেটরেট নকল টিকার ঘটনায় পুলিশকে সহযোগিতা করতে আঞ্চলিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে চীনে নতুন চান্দ্রবর্ষ উদযাপনের আগেই ১০ কোটি টিকার ডোজ আসবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। যদিও ওই সময় পর্যন্ত মাত্র চার কোটি মানুষকে টিকা দিতে পেরেছে দেশটি। তবে কঠোর লকডাউন, করোনা পরীক্ষার মাধ্যমে চীনে মহামারী পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত