গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ

প্রণোদনার ঋণ পরিশোধে সময় বৃদ্ধির আশ্বাস

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৮ এএম

করোনাকালীন সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতন পরিশোধে পোশাক মালিকদের দেওয়া প্রণোদনার ঋণ পরিশোধের সময় ৬ মাস বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার দুপুরে গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে রাতে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিজিএমইএর একাধিক নেতা।

তারা জানান, গতকাল  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএর সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশি, বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএর সহসভাপতি ও সম্মিলিত পরিষদের নেতা আবদুল মান্নান কচি।

বৈঠকের বিষয়ে শফিউল ইসলাম মহিউদ্দিন রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে আমাদের বাস্তব অবস্থা জানিয়েছি। প্রধানমন্ত্রীর সহায়তায় সংকট মোকাবিলায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কিন্তু এখনো সব পোশাক কারখানা সংকট সামলে উঠতে পারেনি। শ্রমিকদের বেতন পরিশোধের পর ঋণ পরিশোধে কিছু সমস্যা হচ্ছে। সে জন্য আমরা বাড়তি ছয় মাস সময় চেয়েছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন।’

বিজিএমইএ নেতা প্রার্থী ফারুক হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সমস্যা বুঝতে পেরেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সময়ে বাড়ানোর। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

মার্চে বাংলাদেশে করোনার সংকট দেখা দিলে এপ্রিল, মে, জুন ও জুলাই এই চার মাসের বেতন-ভাতা দিতে সরকারের প্রণোদনা তহবিল থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন পোশাক শিল্প মালিকরা। শর্ত অনুযায়ী, ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ দুই বছরে ১৮টি সমান কিস্তিতে এই টাকা তাদের ফেরত দেওয়ার কথা। কিন্তু তারা এখন ওই অর্থ পরিশোধ করতে পাঁচ বছর সময় চেয়ে আবেদন করেছেন। বিজিএমইএ সভাপতি রুবানা হক নতুন এই দাবির কথা জানিয়ে গত সেপ্টেম্বর মাসে বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত