নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে ধর্ষণের সেই ঘটনায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
বুধবার দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন অভিযুক্ত দুই আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষে চার্জ গঠন করেন।
এর আগে আসামিদের তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের (বিশেষ পিপি) আইনজীবী মামুনুর রশিদ লাভলু।
এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে চার্জ গঠনের শুনানিকালে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পিপি মামুনুর রশীদ লাভলু জানান, একলাশপুরে নির্যাতনের শিকার ওই গৃহবধূর করা ধর্ষণ মামলায় আদালত আজ (বুধবার) দেলোয়ার হোসেন ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢোকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর করে। একপর্যায়ে পিটিয়ে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।
৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এর আগে আবুল কালামের সহযোগিতায় গৃহবধূর বাড়িতে ও বিলে নিয়ে নৌকার মধ্যে ওই গৃহবধূকে ধর্ষণ করে দেলোয়ার।
নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ২টি মামলা করেন। পরে ৬ তারিখ রাতে দোলোয়ার ও কালামকেআসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন বেগমগঞ্জ মডেল থানায়।
