তৃতীয় অধ্যায় : উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. নিউক্লিয়াস কী?
উত্তর : জীবকোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তু, যা কোষের সব শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাই নিউক্লিয়াস।
২. কোষ কী?
উত্তর : জীবদেহের গঠন ও কাজের এককই হলো কোষ।
৩. আদিকোষ কাকে বলে?
উত্তর : যে কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয় তাই আদিকোষ।
৪. বর্ণাধার বা প্লাস্টিড কী?
উত্তর : স্ট্রোমা ও গ্রানাসমৃদ্ধ এবং লিপো-প্রোটিন ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুই হলো প্লাস্টিড বা বর্ণাধার।
৫. জীবদেহ বৃদ্ধির কারণ কী?
উত্তর : জীবদেহ বৃদ্ধির কারণ হলো কোষ বিভাজন।
৬. সাইটোপ্লাজম কী?
উত্তর : কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশই হলো সাইটোপ্লাজম।
৭. প্রোটোপ্লাজম কী?
উত্তর : কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশই প্রোটোপ্লাজম।
৮. প্রকৃত কোষ কত প্রকার?
উত্তর : প্রকৃত কোষ দুই প্রকার।
৯. কে কোষ আবিষ্কার করেন?
উত্তর : রবার্ট হুক কোষ আবিষ্কার করেন।
১০. ক্রোমাটিন তন্তু কী?
উত্তর : কেন্দ্রিকার ভেতরে সুতার মতো কুণ্ডলি পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাই ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু।
১১. দেহকোষ কী?
উত্তর : যে কোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে তাই দেহকোষ।
১২. জননকোষ কাকে বলে?
উত্তর : যে কোষ জীবের প্রজননে অংশ নেয় তাকে জননকোষ বলে।
১৩. কলা বা টিস্যু কী?
উত্তর : অনেক কোষ যখন একত্র হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে।
১৪. কোষ ঝিল্লি কী?
উত্তর : সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে।
১৫. ক্লোরোপ্লাস্ট কী?
উত্তর : উদ্ভিদকোষে উপস্থিত সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে।
