গুঞ্জন উড়িয়ে আবার শাকিব-বুবলী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪ এএম

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান একসময় বছরে ডজনখানেকের ওপরে ছবি করতেন। তার জুটি থাকতেন অপু বিশ্বাস। বেশির ভাগ ছবি হিট-সুপারহিট হতো। এখন সেই অবস্থা নেই। হলের সংখ্যা অনেক কমে গেছে, ছবির নির্মাণ ব্যয়ও বেড়েছে, বড় কথা দর্শকের রুচির অনেক পরিবর্তন হয়েছে। তাই শাকিব খান এখন আগের মতো গন্ডায় গন্ডায় ছবি করেন না। তিনি দারুণ স্মার্ট শিল্পী। সময়ের সঙ্গে কীভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় তা খুব ভালো করে জানেন। এজন্যই কয়েক বছর আগে যৌথ প্রযোজনার ছবিতে কাজ শুরু করেন। তাতেই বাজিমাত। এখন শাকিব খানের ভক্ত বাংলাদেশ ছেড়ে কলকাতা পর্যন্ত বিস্তৃত। তিনি কলকাতার সুপারস্টার শ্রাবন্তী চ্যাটার্জির বিপরীতে ‘শিকারী’ ছবির মাধ্যমে নিজের পেছনের সব ইমেজ ঝেড়ে-মুছে নতুন রূপে হাজির হন। আগের শাকিবকে সব শ্রেণির দর্শক পছন্দ না করলেও এই শাকিবকে অবজ্ঞা করার উপায় ছিল না। তিনি লুক, ফিটনেস, ফ্যাশন সেন্স, মেকআপ থেকে শুরু করে প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এরপর থেকে ছবির সংখ্যাও কমিয়ে দিয়েছেন। বেছে বেছে বুঝে-শুনে কাজ করছেন। এরই মধ্যে তার সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন শবনম বুবলী। পরপর সাত-আটটি ছবি করেন তারা। দর্শক-চাহিদা থাকা সত্ত্বেও মাঝে বেশ বিরতি দিয়েছেন এই জুটি একসঙ্গে কাজ করতে। একসময় বুবলীর প্রতিটি ইন্টারভিউয়ে একটা প্রশ্ন কমন থাকত, সেটি হলো শাকিব খানের বাইরে অন্য নায়কের সঙ্গে কাজ করবেন কি না। তখন বুবলী বলতেন, ভালো প্রস্তাব পেলে অবশ্যই করব। লোকে তখন এই উত্তর মেনে নিতে পারত না। কিন্তু শাকিব খানের সঙ্গে ‘বীর’ করার পর যখন নীরবের সঙ্গে বুবলী ‘ক্যাসিনো’ ছবিতে চুক্তি করেন, তখনই অনেকের সুর বদলে যায়। সমালোচকরা বলতে শুরু করেন, এই বুঝি শাকিব-বুবলীর সম্পর্কে ভাটা পড়ল! তাই এখন বুবলী অন্য নায়কের সঙ্গে কাজ করছেন।

অর্থাৎ, পুরো বিষয়টিই মনগড়া। এই জুটির প্রেম, ভাঙন সবই অনুমান-সাপেক্ষ। কারণ তারা এ বিষয়ে কোনো দিন একটা টু শব্দ পর্যন্ত করেননি। গুঞ্জনকে আবারও ভুল প্রমাণ করলেন জনপ্রিয় এই জুটি। ‘নবাব এলএলবি’র পর শাকিব খান বেশ বিরতি নিয়েই নতুন সিনেমার খবর জানালেন। সিনেমাটির নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। যেখানে শাকিব খানের সঙ্গে থাকছেন শবনম বুবলীই। তাদের নিয়ে প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তপু খান। তিনি নাটক, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ সব মিলিয়ে চার শতাধিক কনটেন্ট নির্মাণ করেছেন। ‘লিডার আমি বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)। শাকিব খান তার ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা প্রসঙ্গে জানান, ‘সিনেমাটি হবে একেবারে নতুন কনসেপ্টে। প্রত্যেকটি মানুষ যেখান থেকে অনুপ্রেরণা পাবেন।’ তিনি আরও বলেন, ‘এই ছবির প্ল্যানিং সময়োপযোগী। বেঙ্গল মাল্টিমিডিয়া এমন চমৎকারভাবে সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে, এজন্য কর্র্তৃপক্ষকে ধন্যবাদ।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শ্যুটিং হবে ২০ মার্চ থেকে। টানা শ্যুটিংয়ের মাধ্যমে শেষ হবে তপু খান পরিচালিত সিনেমাটির শ্যুটিং। পরিচালক বলেন, ‘স্বপ্ন ছিল শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর। সেই স্বপ্নপূরণ করতে এগিয়ে এসেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সঙ্গে বুবলীকে পেয়েছি। মন থেকে ভালো সিনেমা বানাতে চাই। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’ আজ সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার তেজগাঁও আরটিভি স্টুডিওতে সিনেমার মহরত আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শাকিব খান, বুবলী, পরিচালক-প্রযোজকসহ অন্য কলাকুশলীরা।

এদিকে, বুবলী টানা এক বছর আড়ালে থাকার পর এ মাসেই সরব হচ্ছেন সিনেমা নিয়ে। বিরতির পর শাকিব খানের আগে তিনি চুক্তিবদ্ধ হন ‘চোখ’ নামের আরেকটি সিনেমায়। এতে তার নায়ক থাকবেন নীরব ও রোশান। এটি পরিচালনা করবেন আসিফ ইকবাল। গত সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জে শ্যুটিং শুরুর কথা। টানা শ্যুটিং করেই এর কাজটি শেষ করতে চান পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত