চ্যাম্পিয়নস লিগে ভিন্ন লিভারপুল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৫ এএম

৫৩ থেকে ৫৮, পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভুল আর ম্যাচ হার আরবি লাইপজিগের। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ প্রি কোয়ার্টারের প্রথম লেগে তাদের ২-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে লিভারপুল। বদলি হোম বুদাপেস্টে রক্ষণের ভুলেই হেরেছে তারা। সেই ভুল কাজে লাগিয়ে সাদিও মানে ও মোহামেদ সালাহর গোলে কোয়ার্টারের পথে এগিয়ে গেল অল রেডরা।

নিজ নিজ লিগে লিভারপুলের চেয়ে ভালো অবস্থান লাইপজিগের। বুন্দেসলিগায় দ্বিতীয় অবস্থানে তারা। আর চলতি মৌসুমে বাজে সময় কাটানো গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ইপিএলে আছে ৬ নম্বরে। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে সেরা হয়েই মাঠ ছাড়ল এক মৌসুম আগের চ্যাম্পিয়নরা। এ লড়াইয়ে টানা চার ম্যাচ জিতে আসে লাইপজিগ। বিপরীতে লিগে টানা তিন ম্যাচ হেরে নামে লিভারপুল। অথচ ৫৩ মিনিটে সালাহ ও ৫৮ মিনিটে মানের গোলে যেন হারানো ফর্ম ফিরে পেয়েছে তারা। প্রথম গোলের উৎস লাইপজিগের মার্সেল সাবিতজার। তার ভুল ব্যাকপাস নিয়ন্ত্রণে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন সালাহ। পোস্টের দিকে এগিয়ে যাওয়ার সময় তাকে গার্ড দেওয়ার মতো কেউই ছিলেন না। আবার একই চিত্রে ৫ মিনিট পর মানে গোল করেন। এবার বল ক্লিয়ার করতে ব্যর্থ হন মুকিয়েলে। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন মানে।

জার্মান প্রতিপক্ষকে হারিয়ে স্বস্তি তাই লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের মাঝে, ‘এমন ম্যাচই আমরা চেয়েছিলাম। এটা আমাদের দরকার ছিল। লাইপজিগ বিশাল ক্লাব। তারা লিগে যে মানের খেলা দিয়ে বিপক্ষ দলগুলোকে উড়িয়ে দেয় তা ভেবে চিন্তিত ছিলাম। সেই মানের খেলা দিয়ে ম্যাচে তারা আধিপত্য পেয়েছিল কিন্তু আমরা আমাদের সুযোগ একটিও হাতছাড়া করিনি। তাতে মনের মতো ফলাফলই পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত