জয় দিয়ে শুরু করা মোহামেডান টানা পাঁচ ম্যাচ ছিল জয়হীন। নামতে নামতে এক সময় ১৩ দলের পয়েন্ট টেবিলের ১০-এ গিয়ে ঠেকেছিল সাদা-কালোরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয় জয়ে পঞ্চম স্থানে উঠে এলো মোহামেডান। গতকাল কুমিল্লায় নিজেদের মাঠে শন লিনের শিষ্যরা ২-০ ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জকে। ৯ ম্যাচে চার জয়, দুই ড্র ও তিন হারে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে ৯-এ থাকছে রহমতগঞ্জ।
ম্যাচে লিড নেয় মোহামেডান তৃতীয় মিনিটেই। রাজীব হোসেনের পাসে নিখুঁত ফিনিশিংয়ে লিগে ষষ্ঠ গোল করেন মালির ফরোয়ার্ড সুলায়মান দিয়াবাতে। আর শেষ বাঁশির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন আমির হাকিম বাপ্পি। রাকীব খানের পাসে গোল করতে ভুল করেননি এই তরুণ মিডফিল্ডার। অবনমন অঞ্চলে ঘুরতে থাকা মুক্তিযোদ্ধা পাঁচ ম্যাচ পয়েন্ট হারানোর পর কাল জয় তুলে নিয়েছে পুলিশ এফসির বিপক্ষে। ৪১ মিনিটে একমাত্র গোলটি করেন ক্যামেরুনের স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেকামেঙ্গে। এই জয়ে আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে দশম স্থানে। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে পুলিশের অবস্থান আটে।
এদিকে, মান্নাফ রাব্বির ৭২ মিনিটে করা একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনী গতকালের শেষ ম্যাচে ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছে। ৯ ম্যাচে তৃতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে তারা। ব্রাদার্স এখনো প্রথম জয়ের খোঁজে।
