নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে ধর্ষণের সেই ঘটনায় দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। বুধবার দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন অভিযুক্ত দুই আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষে চার্জ গঠন করেন।
এর আগে আসামিদের তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের (বিশেষ পিপি) আইনজীবী মামুনুর রশিদ লাভলু। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে চার্জ গঠনের শুনানিকালে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পিপি মামুনুর রশীদ লাভলু জানান, একলাশপুরে নির্যাতনের শিকার ওই গৃহবধূর করা ধর্ষণ মামলায় আদালত আজ (বুধবার) দেলোয়ার হোসেন ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢোকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পিটিয়ে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এর আগে আবুল কালামের সহযোগিতায় গৃহবধূর বাড়িতে ও বিলে নিয়ে নৌকার মধ্যে ওই গৃহবধূকে ধর্ষণ করে দেলোয়ার। নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ২টি মামলা করেন। পরে ৬ তারিখ রাতে দোলোয়ার ও কালামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন বেগমগঞ্জ মডেল থানায়।
ফেনীতে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার : ফেনীর দাগনভূঞায় নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আলীপুরের বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারী বলেন, দেড় বছর আগে প্রবাসে আমার স্বামী মৃত্যুবরণ করেন। তারপর প্রায়ই বিদেশ থেকে আমাকে মোবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছেন জাহাঙ্গীর। দুই মাস আগে তিনি দেশে এসে বিয়ের প্রস্তাব দেন এবং বিভিন্ন সময় আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করেন।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে এবং নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
