সাবেক রাজাকে ‘মাতাল’ বলায় স্পেনে গায়ক গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৯ এএম

স্পেনের সাবেক রাজা খুয়ান কার্লোসকে ‘মাতাল’ আখ্যা দেওয়ায় র‌্যাপার পাবলো হাসেলকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে রাতে দেশটির কয়েকটি শহরে প্রতিবাদ হয়েছে বলে জানায় ডয়চে ভেলে।

বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে ও পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে প্রতিবাদ করেন। বার্সেলোনায় প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

৩২ বছর বয়সী হাসেলকে রাজতন্ত্রের অপমান, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের প্রশংসা করাসহ কমপক্ষে চার অপরাধে ২০১৪ সালে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০১৮ সালে সাবেক রাজা খুয়ান কার্লোসকে নিয়ে করা একটি গান ও ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে করা ৬৪টি টুইটের জন্য তাকে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর গত আগস্টে দেশ ছেড়ে আবুধাবিতে চলে যান খুয়ান কার্লোস। হাসেলের গানে রাজার সেই দুর্নীতির কথা ছিল। এ ছাড়া রাজা স্ত্রীকে পেটাতেন, তিনি মাতাল ছিলেন, মাফিয়ার প্রধান ছিলেন এবং পতিতাদের নিয়মিত খদ্দের ছিলেন বলেও গানে লিখেছিলেন এ র‌্যাপার।

মূলত সহিংস বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন পাবলো হাসেল। তার টুইটে বিলুপ্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ‘ইটিএ’ এবং মার্কস ও লেনিনবাদী সশস্ত্র গোষ্ঠী ‘গ্রাপো’র কথা ছিল।

জেলের বাইরে থাকতে আদালতে আপিল করেছিলেন হাসেল। সোমবার তার আবেদন খারিজ হয়ে গেলে গ্রেপ্তার এড়াতে ইয়েইডা বিশ্ববিদ্যালয়ের এক ভবনে আশ্রয় নেন, সঙ্গে প্রায় ৫০ জন সমর্থক ছিল। মঙ্গলবার ভোরে পুলিশ ওই ভবনে ঢুকে হাসেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্য হাসেল বলেন, ‘‘ফ্যাসিবাদী রাষ্ট্রের মৃত্যু হোক!’’ আরও বলেন, ‘‘আমরা জিতবো৷ তারা নিপীড়ন করে কখনোই আমাদের মচকাতে পারবে না।’’

অভিনেতা হাভিয়ার বারদেম ও চিত্র পরিচালক পেদ্রো আলমোদাভাসহ দুশর বেশি শিল্পী সম্প্রতি হাসেলের প্রতি সমর্থন জানিয়ে এক পিটিশনে সই করেছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ২০১৫ সালে প্রণয়ন করা ‘পাবলিক সিকিউরিটি ল’ দিয়ে সম্প্রতি বেশ কয়েকজন শিল্পী ও সামাজিক মাধ্যমের তারকাদের বিচার করা হয়েছে।

এ দিকে স্পেনের জোট সরকার গত সপ্তাহে এই আইনে পরিবর্তনের প্রস্তাব করেছে। বাক্‌স্বাধীনতা সম্পর্কিত অপরাধের জন্য কারাদণ্ডের বিধান রদ করার প্রস্তাব করা হয়েছে। তবে কবে থেকে এটা চালু হবে তা জানানো হয়নি। অবশ্য বিরোধী রক্ষণশীল ও উগ্র ডানপন্থী দল সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত