কেন রোমাঞ্চিত সাকিব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৬ এএম

কোনো কিছুতে আবেগ খুব কমই স্পর্শ করে সাকিব আল হাসানকে। তবে সেই সাকিবই এবার রোমাঞ্চের কথা বললেন অকপটে।

সাকিবের এই রোমাঞ্চ আইপিএলে তার পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সে ফিরতে পেরে।

বৃহস্পতিবার চেন্নাইয়ে হয়ে যাওয়া আইপিএল নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা। ২০১১ সালে যে দলটির হয়ে আইপিএল অভিষেক হয় সাকিবের। এরপর টানা সাত আসরের ৬টিতেই খেলেন তিনি কলকাতার হয়ে। ২০১২ ও ২০১৪- দুই আসরে তিনি দলকে উপহার দেন শিরোপা।

২০১৮ আইপিএলে কলকাতার সঙ্গে সম্পর্কের ছেদ ঘটে সাকিবের। দুই বছর খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। আইসিসির নিষেধাজ্ঞায় ২০২০ আইপিএলে ছিলেন না সাকিব।

এবার আবার আইপিএলে ফিরতে যাচ্ছেন তিনি পুরোনো দল কলকাতার হয়েছে। যা নিয়ে রোমাঞ্চের কথা সাকিব জানালেন এভাবে, ‘খুবই রোমাঞ্চিত, এ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারব এ জন্য।’

কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল ফেইসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় সাকিব আরো বলেন, ‘তেমনই রেজাল্ট করার চেষ্টা করব, যেভাবে ২০১২, ২০১৪-তে করেছি। দু-দুটি চ্যাম্পিয়নশিপ আমরা একসঙ্গে জিতেছি। ঠিক ওই রেজাল্টই করার চেষ্টা করব কেকেআরের হয়ে।’

রোমাঞ্চিত কথাটা আরো একবার উল্লেখ করে সাকিব কথা শেষ করেন, ‘খুবই রোমাঞ্চিত, আবার কলকাতার হয়ে খেলতে পারব বলে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত