ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চায় এনবিআর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩১ এএম

অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব বাজেট প্রণয়ন করতে ব্যবসায়ী শ্রেণির মতামত জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য তারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানসহ দেশের বুদ্ধিজীবী মহলের কাছে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে।

গতকাল বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত চিঠিতে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

এতে বলা হয়, আগামী ৮ মার্চের মধ্যে সংগঠনগুলো তাদের বাজেট প্রস্তাব দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে পাঠাতে পারবে। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি ই-মেইলের মাধ্যমে  nbrbudget2021@ gmail.com-এ এনবিআরের প্রথম সচিব (কর আপিল ও অব্যাহতি) ও প্রধান বাজেট সমন্বয়কারী মো. গোলাম কবীর বরাবর পাঠাতে পারবেন। এনবিআর এই প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি এই ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত