ইউএসডিএর গ্যারান্টির আওতায় প্রাইম ব্যাংকের এলসি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩২ এএম

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) রপ্তানি ঋণ-গ্যারান্টি কর্মসূচির আওতায় ঋণপত্র (এলসি) ইস্যু করেছে প্রাইম ব্যাংক। এর আওতায় বাংলাদেশের কোনো ব্যাংকের এটাই প্রথম এলসি।

গতকাল বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের  বিজ্ঞপ্তিতে বলা হয়, এই এলসির মাধ্যমে স্কয়ার টেক্সটাইল যুক্তরাষ্ট্র থেকে কাঁচা তুলা আমদানি করবে। গত বছর যুক্তরাষ্ট্রের কমোডিটি ক্রেডিট করপোরেশন জিএসএম-১০২-এর অধীন এশিয়া অঞ্চল থেকে অনুমোদিত ইউএসডিএ রপ্তানি ঋণ-গ্যারান্টির আওতায় প্রাইম ব্যাংককে অনুমোদিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করে।

অনুমোদিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক ইউএসডিএ দ্বারা পরিচালিত রপ্তানি ঋণ-গ্যারান্টির আওতায় যুক্তরাষ্ট্র থেকে খাদ্য এবং কৃষিজাত পণ্য, যেমন তুলা, সয়াবিন, শস্য, খাদ্যশস্য, কাঠ, বাদাম, ফল প্রভৃতি আমদানির জন্য গ্রাহকদের সহায়তা করতে পারবে।  ব্যাংকের এমডি-সিইও ফায়সাল রাহমান বলেন, ‘এতে আমরা কৃষিজাত পণ্য আমদানিতে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারব। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য পোর্টফোলিও বাড়াতে এটি সাহায্য করবে। এই ঋণপত্রটি আমাদের আন্তর্জাতিক ট্রেড সার্ভিসে নতুন অধ্যায়ের সূচনা করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত