ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা নগদকে জড়িয়ে সরকারের বিরুদ্ধে লিফলেট ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে সরকারি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে। ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নগদ কর্র্তৃপক্ষের করা মামলায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে লিফলেটের সঙ্গে সম্প্রতি আলজাজিরা টেলিভিশনে প্রচারিত বিভ্রান্তিমূলক খবরের বাংলা ডাবিং কপি যুক্ত করা হয়েছে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে গত কয়েক দিন থেকে একটি আর্থিক কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এসব লিফলেট বিতরণ করছে। বিভিন্ন এজেন্ট পয়েন্টে থাকা সিসি ক্যামেরায় এসব লিফলেট বিতরণের দৃশ্য ধরা পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নগদের এক কর্মকর্তা বলেন, ‘সরকারি কোম্পানি হওয়ায় সরকার ও সরকারি সেবার বিষয়ে কেউ অপপ্রচার ছড়ালে “নগদ” তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এসব বিতর্কিত ও আপত্তিকর লিফলেট ছড়িয়ে নগদের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা চলছে।’
