চট্টগ্রামের পটিয়া পৌরসভায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মান্নানের ছোট ভাই নিহতের মামলায় ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সরোয়ার কামাল রাজিবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনের দিন আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ। ওইদিনই কাউন্সিলর পদে বিজয়ী সরোয়ার কামাল রাজিবকে আটক করে পুলিশ। পরের দিন আবদুল মান্নান বাদী হয়ে রাজিবসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলা করেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, মামলাটি তদন্তের প্রয়োজনে আসামি রাজিবকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
