শিল্পী নিসার হোসেনের একক চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে আগের ঠিকানায় নবনির্মিত ভবনে আরও বিস্তৃত পরিসরে যাত্রা শুরু করতে যাচ্ছে গ্যালারি চিত্রক। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।
ধানম-ির ৪ নম্বর সড়কে শিল্পী সফিউদ্দিন আহমেদের বাড়ির তৃতীয় তলায় (বাড়ি : ২১/এ) কর্মকান্ড পরিচালনা করতে যাচ্ছে দেশের শীর্ষ এই আর্ট গ্যালারিটি। এই ঠিকানাতে গ্যালারিটি প্রতিষ্ঠিত হলেও মাঝে কয়েক বছর ধানমন্ডির ৬ নম্বর সড়কে ছিল গ্যালারি চিত্রকের কর্মযজ্ঞ। নতুন গ্যালারির প্রথম চিত্র প্রদর্শনী হিসেবে নিসার হোসেনের শিল্পকর্মকে উপস্থাপন করা হচ্ছে। মাসব্যাপী এই প্রদর্শনীর শিরোনাম ‘ষাট বছরের খতিয়ান’। আজ শুক্রবার চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন শিল্পী রফিকুন নবী। উপস্থিত থাকবেন শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, প্রকৌশলী ময়নুল আবেদিন ও কাজী আনিসুল মুকিত। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত।
